ওমান থেকে ঝড়ের কবলে পড়ে পাকিস্তানে গিয়ে আটক আট বাংলাদেশি দীর্ঘ দেড় বছর পর দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাকের পক্ষ থেকে বিমানবন্দরে তাদের খাবার পানিসহ জরুরি সেবা দেওয়া হয়। ব্র্যাকের সাইকোসোসাল কাউন্সিলর এ সময় তাদের সঙ্গে কথা বলে তাদের মনোসামাজিক সেবা দেন। পরে তাদের বাড়ি পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান।
ফেরত আসা এই বাংলাদেশিদের সবার বাড়ি নোয়াখালী। তারা হলেন—শহিদ, ইউসুফ, মোহাম্মদ খান, শরিফ, শাহরাজ, নবির, আবুল কাশেম ও দেলোয়ার। দীর্ঘদিন পরে দেশে ফেরত আসায় তারা স্বস্তি প্রকাশ করেন।
