যুক্তরাষ্ট্রে বড় দিনের সকালে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। এক ডজনের বেশি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বোমার বিস্ফোরণের ঘটনা নাশকতা হতে পারে বলে আশংকা করছে পুলিশ। গতকাল শুক্রবার টেনেসিস অঙ্গরাজ্যের নাশভিলে শহরে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিএনএন ও ডেইলি মেইলের
গতকাল সকালে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, বড় ধরনের ওই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা আছে। এই বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন তিনি। স্থানীয়রা একটি গাড়ি দেখে সন্দেহের কথা পুলিশকে জানায়। পুলিশ বোম্ব স্কোয়াড নিয়ে যাওয়ার আগেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জোসেফ প্লিজান্ট জানান, স্থানীয় সময় ভোর ছয়টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।
বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করছে এফবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থা। পুলিশ কর্মকর্তা অ্যারন জানান, তদন্তের প্রয়োজনে এলাকাটি বন্ধ কেরে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী পবাক ম্যাককয় জানান, তার বাড়ির সামনেই বিস্ফোরণটি ঘটে। উড়ে যায় তার ঘরের জানালা। তিনি বলেন, রাস্তার সবকিছুতে আগুন ধরে যায় এবং গাছও ভেঙে পড়ে। রাস্তায় তিনটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। নাশভিলের মেয়র জন কুপার বলেন, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার বেশিরভাগেরই জানালা উড়ে গেছে। কয়েকটি ভবন খালি করা হয়েছে। নাশভিলে কর্মকর্তাদের ধারণা, এটি উদ্দেশ্যপ্রণোদিত বিস্ফোরণ। ঘটনাস্থলে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। মেট্রো নাশভিলে অফিসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করছে।
