ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্রসহ ১০ আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে টাকা, স্বর্ণ, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ ডিসেম্বর রাতে হামেরদী ইউনিয়নের দেলোয়ার ফকিরের বাড়ি ও ১৭ ডিসেম্বর রাতে হামেরদী ইউনিয়নের কাজী ফাহাদ ইসলামের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনার পর দেলোয়ার ফকির ও ফাহাদ ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় দুটি ডাকাতি মামলা করেন। এরপর পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৪ ও ২৫ ডিসেম্বর ১০ জন ডাকাতকে মালামালসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- গোপালগঞ্জে জেলার ইসলাম মোল্লা (৫২), ফরিদ খাঁ (৪০), সহিদুল শেখ (৩৩) ও বেলায়েত শেখ (৩৫)। ফরিদপুর জেলার হাবিব মুন্সী (৪৫), মোশা ব্যাপারী (৪৫), সুজন সর্দার (৩৯), ওবায়দুল মাতুব্বার (২৬) এবং ফেনী জেলার বদিউল আলম(৫০)।
আরো পড়ুন : তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক, সম্পাদক নুরুন্নবী
মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ডাকাত সহিদুলের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতি হওয়া সাড়ে ৪ ভরি স্বর্ণ, একটি চেইন, সাতটি মোবাইল, একটি ল্যাপটপ, একটি ট্যাপ ও ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
