হাকালুকি হাওর উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে: পরিবেশ মন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৮:০৩

হাকালুকি হাওর উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, হাকালুকি হাওর শুধু বাংলাদেশের নয়, এশিয়ার মধ্যে বৃহত্তম হাওর। এ হাওরকে আরো দৃষ্টিনন্দন করার লক্ষে ও এর সৌন্দর্য ধরে রাখতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভরাট হয়ে যাওয়া বিল পুন খনন এবং হাওর পারের মানুষের বাড়ির বাঁধ রক্ষায়ও কাজ করা হবে। 

শনিবার সকাল ১১টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খালেরমুখ বাজারে খালেরমুখ সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেরমুখ বাজার-হাকালুকি হাওর রাস্তায় জুড়ী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ৩০ মিটার দীর্ঘ সেতুর (পিসি গার্ডার) নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৯১ লাখ টাকা।

আরো পড়ুন: মাদক ব্যবসায়ী ছেলের নির্যাতনে ছয় মাস বাড়িছাড়া অসহায় বাবা-মা

মন্ত্রী বলেন, জুড়ীতে লাঠিটিলা রিজার্ভ ফরেস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সাফারি পার্ক করা হবে। বনের ভেতরে যারা বসবাস করছেন তাদের সেখান থেকে সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়াও সেখানে বসবাসরতদের জীবিকা নির্বাহের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পার্কে চাকরি দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক,  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা প্রমুখ।

ইত্তেফাক/এসি