ঘর পেলেন প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পে ৮০ শতক জমি দানকারী ঝুরমান বেওয়া

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:২০

ঝুপড়িতে বাস করেও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে জমি দানকারী নাটোরের বাগাতিপাড়ার ঝুরমান বেওয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বরাদ্দ দেওয়া ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এর উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। 

জেলা প্রশাসক বলেন, ঝুরমান বেওয়া জাতীয় বীর, নিজে গৃহহীন হয়েও চল্লিশ জন গৃহহীনদের জন্য গৃহ নির্মাণে ৮০ শতাংশ জমি তিনি দান করেছেন। এসময় জেলা প্রশাসক ঝুরমান বেওয়াকে নগদ পাঁচ হাজার টাকা উপহার দেন।

একই অনুষ্ঠানে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল ঝুরমান বেওয়ার দানকে দেশের উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন উল্লেখ করে জাতীয় সম্মান হিসেবে উপহার স্বরূপ চাদর পড়িয়ে দেন। 

আরো পড়ুন: বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় মৃত নবজাতক উদ্ধার

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুরমান বেওয়া উপজেলার জামনগর ইউপির কৈচর পাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের মেয়ে এবং নাটোর সদরের লক্ষীপুর গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। তার ভাইয়ের দেওয়া জমিতে সরকারিভাবে গৃহ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট শোবার ঘর, একটি রান্না ঘর এবং একটি টয়লেট থাকবে ঝুরমানের নবনির্মিত বাড়িতে। এতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে। 

প্রসঙ্গত, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহকরা ঝুরমান বেওয়ার নিজের কোনো ঘর নেই। ভাইয়ের দেওয়া জমিতে কুঁড়ে ঘরে বসবাস করেন। ২৯ বছর পূর্বে সরকার জামনগর মৌজায় ৯৭ শতাংশ খাস জমি বন্দোবস্ত দেয়। গৃহহীনদের ঘর নির্মাণের জন্য সেই জমি থেকে তিনি ৮০ শতাংশ জমি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দান করেন। গত ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঝুরমান বেওয়া ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের কাছে ৮০ শতাংশ জমিদানের প্রয়োজনীয় দলিল হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প থেকে সরকারি ঘর বরাদ্দের জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়। 

ইত্তেফাক/এসি