সবজি

গুণে ভরা বাঁধাকপি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:৫৪

 

শীতের জনপ্রিয় পাতাজাতীয় সবজি। অনুমান করা হয়, খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে ইউরোপের কোনো এক জায়গায় এর চাষ হয়। আদি নিবাস ভূমধ্যসাগরীয় দক্ষিণ ইউরোপে। বাংলাদেশে ১৯৬০-এর দশকে চাষ শুরু হয়। আমাদের দেশে শুধু সবুজ বাঁধাকপি পাওয়া গেলেও পৃথিবীর অন্যান্য দেশে লাল, সাদা, গাঢ় সবুজ, হালকা সবুজ, বেগুনি ইত্যাদি রঙেরও দেখতে পাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর। শুধু সবজি হিসেবে নয়, জুস হিসেবেও খাওয়া যায়। পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে জুস বানাতে হয়। জুসের তেতোভাব কমাতে লেবুর রস, পুদিনাপাতা কিংবা মধু ব্যবহার করা যেতে পারে।

পুষ্টিবিদদের মতে, বাঁধাকপি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিনই রয়েছে এতে—ভিটামিন ‘এ’, ‘বি১’, ‘বি২’, ‘বি৬’, ‘ই’, ‘সি’, ‘কে’, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাশিয়াম, সালফারসহ আরো প্রয়োজনীয় সব উপাদান। ভিটামিন ‘কে’ ও ‘সি’ ক্যানসার ও হূদরোগ প্রতিরোধ করে। এর পুষ্টি উপাদান স্তন, ফুসফুস, পাকস্থলী, প্রোস্টেট, কোলন ও মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। বাঁধাকপির ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে হাড়কে মজবুত রাখে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বাঁধাকপির রস আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ। কোষ্ঠবদ্ধতা ও কৃমি হ্রাসে বাঁধাকপি অত্যন্ত উপকারী। বাঁধাকপির ‘ইনজেল’ নামক একরকম জৈবরস শরীরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোকে প্রতিহত করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণ এর ভিটামিন ‘সি’ ও মিনারেল। আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত বাঁধাকপি খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। এতে খুবই সামান্য কোলেস্টেরল ও সম্পৃক্ত চর্বি রয়েছে। বাঁধাকপির জুসে থাকে ‘ইনডোল-৩ কার্বোনিল’ নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারকে পরিষ্কার রাখে। দেহের ভেতরে থাকা দূষিত পদার্থগুলো দূর করে। বাঁধাকপিতে থাকা সালফার ত্বকের কোষে থাকা বর্জ্যগুলো দূর করে ঔজ্জ্বল্য বাড়ায়। বাঁধাকপির জুস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। চুলের জন্যও দারুণ উপকারী। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আঁশ থাকায় ওজন কমানো এবং হজমশক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

বাঁধাকপি ভাজি জনপ্রিয়। কাঁচা কিংবা রান্না উভয়ভাবেই খাওয়া যায়। বিশেষ করে মাংসের সঙ্গে বাঁধাকপির ঝোল বেশ উপাদেয়। সালাদে শসা-গাজর-টমেটোর সঙ্গে কচি বাঁধাকপি সহজেই ব্যবহার করা যায়।

প্রদীপ সাহা