হবু জামাইকে নিয়ে বড়দিন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:৫৮

বিনোদন ডেস্ক

 

বর্তমান সময়ে বলিউডের বহুল চর্চিত প্রেমিক জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আগে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক পরিণয়ের পথে যেতে যেতেই থমকে যায়। তবে এবার বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন রণবীর। ক’দিন আগেই জানা যায়, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এবার সেই খবর যে সত্যি হতে যাচ্ছে তা জানান দিলো আলিয়ার পরিবার। শুক্রবার বড়দিনে এক ঘরোয়া পার্টির আয়োজন করেন আলিয়ার বাবা চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট। আর এই পার্টিতেই মেয়ের হবু বরকে নিমন্ত্রণ করে তাক লাগিয়ে দেন সবাইকে। আলিয়ার বাবা-মা, বোনসহ পরিবারের সদস্যদের সঙ্গে রণবীরের সেই পার্টির ছবি স্যোশাল মিডিয়ায় আসতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় তাদের ভক্তদের নানা প্রতিক্রিয়া। অনেকেই আগাম শুভেচ্ছা জানান, অনেকেই আবার কটু কথাও বলছেন। আলিয়া বলেন, ‘আমাদের সম্পর্কে আর লুকানোর মতো কিছু নেই। আমার পরিবারের সবাই আমাদের বিয়ে নিয়ে ভাবছে। রণবীর ডিনার পার্টিতে আসায় সবাই অনেক খুশি হয়েছে।’