নদীর তীর সংরক্ষণ-কাজ দ্রুত করা হোক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:২৩

সাতকানিয়া উপজেলার পূর্ব নলুয়া গ্রামের সাঙ্গু (শঙ্খ) নদীর তীরে মোক্তারকুম এলাকা। নদীর তীর সংরক্ষণ প্রকল্পের অধীনে মৈশামুড়া ও মরফলা অংশে বেশ কিছু কাজ হলেও পূর্ব নলুয়া মোক্তারকুম অংশে কাজ করার ক্ষেত্রে গতি কমে গেছে বলে মনে হচ্ছে। এই মোক্তারকুম এলাকার অনেক মানুষ নদীর ভাঙনে নিজেদের জায়গা-জমি এবং ভিটেমাটি হারিয়েছেন। অনেক বাড়ি এখন নদীগর্ভে যাওয়ার অপেক্ষায়। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং গ্রামের জনসাধারণের যাওয়া-আসার একমাত্র রাস্তার অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে। সামনের বর্ষায় অবশিষ্ট বাড়িঘর নদীতে চলে যাবে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রকল্পের অধীনে মোক্তারকুম অংশের যে কাজ দ্রুতগতিতে করা দরকার ছিল সে কাজে কেন অগ্রগতি দেখছি না? এই কাজের সঙ্গে সংশ্লি­ষ্ট সবার প্রতি অনুরোধ জানাব—পূর্ব নলুয়া মোক্তারকুম এলাকার নদীর তীর সংরক্ষণ-কাজ দ্রুত করে নদী ভাঙনের আশঙ্কা দূর করা হোক।

রূপম চক্রবর্ত্তী

পূর্ব নলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম