হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া প্রসঙ্গে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:২৩

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পদ্ধতি মেনে সবকিছু চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ। যদিও স্বাস্থ্যবিধি কতোটা মানা হচ্ছে তা সবাই দেখতেই পাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর কিছু বিভাগে অনলাইন ক্লাস হলেও একটা বড় সংখ্যক শিক্ষার্থী এই অনলাইন ক্লাসের বাইরে আছে। এর মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বিভাগগুলো চাইলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে। তবে আবাসিক হল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোর এমন সিদ্ধান্তে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। প্রশ্ন  হলো, হল বন্ধ রেখে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা কোথায় থাকবে? মেয়েদের তো আরো সমস্যা। স্বাস্থ্যবিধি মেনে যদি মেসে থাকা সম্ভব হয় তাহলে হল খোলা থাকলে সমস্যা কোথায়? হলে থাকুক আর মেসে থাকুক থাকবে তো শিক্ষার্থীরাই। যেসব শিক্ষার্থী মেসে থাকত, তারা অনেকেই মেস ছেড়ে দিয়েছে। মেয়েরা এই অবস্থায় এসে কীভাবে মেস খুঁজবে—এটা ভাবা উচিত। বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখার দায় কোনোভাবেই অগ্রাহ্য করতে পারে না। সরকারের উচিত এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলা। আশা করি, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খোলা রেখে পরীক্ষা নেবে।

সুকান্ত দাস

পরিসংখ্যান বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া