শরীরচর্চা বলতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর গতিচলনকে বোঝায়। আমাদের শরীরের ক্রিয়া একটি মেশিনের মতো। মেশিনের যত্ন না নিলে তা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, তেমনি আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। শরীরের সুস্থতা ও কর্মদক্ষতার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হলো নিয়মিত শরীরচর্চা। শরীর ও মন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শরীর ভালো তো মন ভালো আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। কথায় বলে—‘সুস্থ মনই সুস্থ দেহ’। দেহের অসুস্থতা মনের ওপর প্রভাব ফেলে। জীবনের উন্নতি ও সফলতার প্রয়োজন কঠোর পরিশ্রম। অলস ব্যক্তি জীবনে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সক্ষম হয় না। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীর ভালো ও মন প্রফুল্ল থাকে। এটা কর্মক্ষেত্রে অনেক বেশি উদ্দীপনা জোগায়। ব্যায়াম মাংসপেশিকে শক্ত এবং দেহকে কর্মঠ করে। উন্নত দেশের জনগণ শারীরিক ব্যায়ামের প্রতি খুব যত্নশীল এবং সচেতন। নিয়মিত শরীরচর্চার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারে না। সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবার এ সম্বন্ধে সচেতন হওয়া উচিত।
সিরাজুল হোসাইন
ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ
