দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকুন :এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৭

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা প্রেসক্লাবের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, ‘যেসব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয় সেসব বিষয়ে সর্বদা সোচ্চার থাকুন। সব সময় আমি থাকব আপনাদের পাশে। সাংবাদিকরা জাতির বিবেক, তাই আবেগ দিয়ে নয়, সত্যিকার বিবেক দিয়ে সমাজের সব চিত্র তুলে ধরুন। সাংবাদিকদের কলমের কালি একটি জাতিকে উচ্চতর স্থানে পৌঁছে দেয়।’ তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে তা যুগোপযুগী করে তুলছেন। করোনাকালীন অসহায় সংবাদকর্মীদের প্রধানমন্ত্রী আর্থিক সহায়তাসহ খোঁজখবর রেখেছেন।’ শনিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।