কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোলে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বছর চার দফা বন্যা ও অতিবৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে জমিতে আগাম জাতের পেঁয়াজ চাষ করতে পারেননি কৃষকরা। এবার বীজের দাম বেশি হওয়ার কারণে চারার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর চারার সংকট হওয়ায় অতিরিক্ত মূল্য দিয়ে চারা কিনতে হচ্ছে কৃষকদের। কাহারোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৬০ হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছে। শনিবার কাহারোল হাটে উপজেলার নয়াবাদ গ্রামের কৃষক উদয় চন্দ্র রায় ১৫ শতক জমির পেঁয়াজ লাগানোর জন্য চারা কিনেছেন ৩ হাজার টাকা দিয়ে। গতবার যার দাম ছিল ১ হাজার টাকা। বীজ উত্পাদনকারী চাষি মো. দেলোয়ার হোসেন জানান, পেঁয়াজের বীজের দাম বেশি থাকায় চারার দাম বেশি। গতবারের তুলনায় এবার চারার দাম দ্বিগুণেরও বেশি। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, এবার বীজের দাম বেশি হওয়ার কারণে চারার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আমরা কৃষকদের চারা তৈরির পরামর্শ দিয়েছিলাম। অনেক কৃষক নিজেরাই পেঁয়াজের চারা উত্পাদন করেছেন।
