নরসিংদীতে সিনেমা হল থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৮

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদী উপজেলার পাঁচদোনায় করোনার কারণে বন্ধ থাকা ঝংকার সিনেমা হলের ভেতর থেকে শনিবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকাশ (১৮)। সে নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ী এলাকার আকবর মিয়ার ছেলে। আকাশ গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করে নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতো। নিহতের পরিবারের সদস্যরা জানান, কাজে যাওয়ার পর শুক্রবার রাতে সে টঙ্গীতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পাঁচদোনা ঝংকার সিনেমা হলের ভেতরে খোঁজ করে লাশ দেখতে পান তার খালাতো বোন ফাতেমা বেগম। সিনেমা হল বন্ধ ও লোকজন না থাকায় আকাশসহ কয়েক জন কিশোর পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মাদক সেবন করতো বলে জানান ফাতেমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান জানান, আকাশকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।