কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে এক জনের মৃত্যু হয়েছে। তার নাম সোহেল সরকার (৫১)। সংঘর্ষে পাঁচ জন আহত হন। কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা-ত্রিমোহনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সোহেল সরকারের বাবা সরকার বজলুর রহমান জানান, আমার ছেলে আগে থেকেই হার্টের রোগী। দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এর সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান, অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই সোহেল সরকারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে ওসি জানান।
