প্রচারণায় ব্যস্ত ছয় মেয়র ও ১০৭ কাউন্সিলর প্রার্থী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

সৈয়দপুর পৌরসভা নির্বাচন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় মেয়র প্রার্থী কাউন্সিলর পদে সাধারণ আসনে ৮৬ জন ও সংরক্ষিত আসনে ২১ জন প্রচারণায় ব্যস্ত রয়েছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রয়াত নেতা আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আকতার জাহান, বিএনপির অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম, ইসলামী আন্দোলনের হাফেজ নূরুল হুদা, স্বতন্ত্র রবিউল আউয়াল এবং চার বার বিএনপি থেকে নির্বাচিত মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১ জানুয়ারি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।       পুঠিয়া পৌরসভার

নির্বাচন সোমবার

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জানান, পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভা নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মো. রবিউল ইসলাম রবি (নৌকা), বিএনপির আ. আল মামুন (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম আজম (নারকেল গাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে ৪৮টি স্থায়ী ও চারটি অস্থায়ীসহ মোট ৫২টি ভোটকেন্দ্রে ভোটাররা এবার ইভিএমে ভোট দেবেন।