বুমরাহ-অশ্বিনে ‘বক্সিং ডে’ ভারতের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

আবারও ৩৬! না এবার অলআউট নয়। ১ উইকেটে ৩৬ রান নিয়ে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষ করেছে ভারত। এর আগে অস্ট্রেলিয়ানদের বক্সিং ডের মতো ছুটির দিনটা বিবর্ণ করে দিয়েছেন জাসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় পেস-স্পিন যুগলবন্দীর পাতানো জালে বন্দি হয়ে গতকাল ১৯৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

বোলারদের উড়ন্ত পারফরম্যান্সের পর ১৫৯ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ভারত। আজ ভারতকে এগিয়ে নেওয়ার দায়িত্বটা ব্যাটসম্যানদের। শুভমান গিল ২৮ ও চেতেশ্বর পুজারা ৭ রানে ব্যাট করছেন।

মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল টিম পেইনের দল। যার পূর্ণ ফায়দা লুটে সফরকারীরা। ৩৮ রানেই ফেরত পাঠায় ৩ ব্যাটসম্যানকে। স্টিভেন স্মিথের মতো ‘বিগ ফিশ’কে রানের খাতাই খুলতে দেননি অশ্বিন। তার আগে আক্রমণাত্মক ব্যাটিং করা ম্যাথু ওয়েডকেও (৩০) ফেরান এই অভিজ্ঞ অফস্পিনার।

চতুর্থ উইকেটে মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডের ব্যাটে ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় অজিরা। ভয়ানক হওয়ার আগেই হেডকে (৩৮) ফিরিয়ে ৮৬ রানের জুটিটি ভাঙেন বুমরাহ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ভারতীয় বোলারদের তোপের মুখে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। যার ফলে মাত্র ৭১ রানেই স্বাগতিকরা হারায় শেষ ৬ উইকেট।

অজিদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান আসে লাবুশেনের ব্যাট থেকে। তাকে ফিরিয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখেন পেসার মোহাম্মদ সিরাজ। তাছাড়া ক্যামেরন গ্রিনের উইকেটটিও যায় তার ঝুলিতে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বুমরাহ ও  ৩টি নেন অশ্বিন।

শেষ বিকালে ব্যাট করতে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। মিচেল স্টার্কের ফাঁদে পা দিয়ে ফিরেন মায়াঙ্ক আগারওয়াল (০)। বাকি ১০ ওভার আর কোনো বিপদ হতে দেননি গিল ও পুজারা। ৩৬ রানের জুটিতে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। 

সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭২.৩ ওভারে ১৯৫

ভারত ১ম ইনিংস: ১১ ওভারে ৩৬/১