দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার প্রথম জয়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৪৩

স্পোর্টস রিপোর্টার

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের ‘বি’ গ্রুপে ব্রাদার্সকে হারিয়ে আরামবাগ পুরো পয়েন্ট তুলে নিয়েছিল। ফুরফুরে থাকা আরামবাগ কাল দ্বিতীয় ম্যাচে হেরে গেছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালের খেলায় উত্তর বারিধারা ৩-২ গোলে আরামবাগকে হরিয়েছে। উত্তর বারিধারা প্রথম খেলায় সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল। কাল দ্বিতীয় খেলায় জয় নিয়ে মাঠ ছাড়ল। আরামাবাগের বিপক্ষে ভালোই লড়াই হয়েছে বারিধারা ক্লাবের মধ্যে। ২৪ মিনিটে বারিধারার জাতীয় দলের স্ট্রাইকার সুমনের গোলে এগিয়ে ছিল ১-০। ছয় মিনিট পর একই দলের সুজন গোল করে বারিধারাকে আরো এগিয়ে দেন ২-০ ব্যবধানে। আরামবাগ ব্যবধান কমায়  চিজোবা ক্রিস্টোফারের গোলে ১-২। প্রথমার্ধেই বারিধারার মিশরের মোস্তফার গোল আরো এগিয়ে দেয় ৩-১। খেলার শেষ দিকে, ৭৫ মিনিটে নাহিদের গোল ব্যবধান কমালেও ভারতীয় কোচ আনা আরামবাগ হার বাঁচাতে পারেনি। আজকের খেলা ঃ মোহামেডান ও মুক্তিযোদ্ধা। পুলিশ ও শেখ জামাল। ৩টা ১৫ এবং ৫টা ৪৫। বঙ্গবন্ধু স্টেডিয়াম।