উইলিয়ামসনের ৬ রানের অপেক্ষা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

মাউন্ট মঙ্গানুইয়ে বল হাতে দুর্দান্ত শুরুর পরও দিন শেষে হাপিত্যেশ করতে হচ্ছে পাকিস্তানকে। শাহীন শাহ আফ্রিদি নিউজিল্যান্ডের টপঅর্ডার নাড়িয়ে দিলেও ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছিলেন কেন উইলিয়ামসন। তাকেও ফেরানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান।

কিন্তু উইলিয়ামসনের ক্যাচ দুইবার ফেলার বড় ভুল করেছেন পাকিস্তানের ফিল্ডাররা। গতকাল টেস্টের প্রথম দিন শেষে সেই উইলিয়ামসন সেঞ্চুরি থেকে ৬ রান দূরে দাঁড়িয়ে। স্বাগতিকদের স্কোরটাও খারাপ নয়। ৮৭ ওভার খেলে ৩ উইকেটে ২২২ রান তুলে দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৯৪ ও হেনরি নিকলস ৪২ রানে ব্যাট করছেন। সবুজের আচ্ছাদনে উইকেট ও আউটফিল্ড আলাদা করা কঠিন। ঘাসের উইকেটে টস জিতে বোলিং করার অনুমিত সিদ্ধান্তই নিয়েছিল পাকিস্তান। অধিনায়ক রিজওয়ানের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন শাহীন আফ্রিদি। ১৩ রানে ফেরত পাঠান দুই ওপেনার টম লাথাম (৪) ও টম ব্লান্ডালকে (৫)। কম্পমান সময়টা কাটিয়েছে স্বাগতিকরা অভিজ্ঞ উইলিয়ামসন ও রস টেলরের ১২০ রানের জুটিতে। ৭০ রান করা টেলরকেও ফিরিয়েছেন শাহীন আফ্রিদি। পরে হেনরি নিকলসকে নিয়ে দিনের বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দিয়েছেন উইলিয়ামসন। ৮৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।