বড়দিনের পর লিগের প্রথম ম্যাচে কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটি। ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মার্কাস রাশফোর্ড। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ইউনাইটেড। ৮ মিনিট পরই সমতা ফেরায় লেস্টার, হার্ভি বার্নসের দূরপাল্লার এক শটে। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেজের গোলে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। এবারও স্বল্প সময়ের মধ্যে সমতা ফেরায় লেস্টার। ৮৫ মিনিটে করা জেমি ভার্ডির শটটি ইউনাইটেডের জালে জরায় তাদের ডিফেন্ডার এলেক্স টুয়ানজেবের পায়ে লেগে। এক দিন আগেই ব্রুনো ফার্নান্দেজ সাংবাদিকদের বলেছিলেন, তিনি ইউনাইটেডের ট্রফিহীনতা ঘোচাতে চান। তবে শিরোপা জিততে হলে দলের বাকিদেরও সংকল্প দেখাতে হবে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু নিজের আরেকটি ম্যাচসেরা পারফরম্যান্সের দিনে আবারও দলের রক্ষণভাগের ব্যর্থতায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
