ছাত্র সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
নীতি, আদর্শ, সততা, দেশপ্রেম আজ নিম্ন স্তরে পৌঁছে গেছে। সমাজে স্বার্থবাদিতা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। রাজনীতিতে বেড়ে যাচ্ছে অসত্ ব্যবসায়ী ও দুর্নীতিপরায়ণ অবসরপ্রাপ্ত আমলাদের আধিপত্য।
সর্বগ্রাসী পুঁজিবাদ, লুটেরা, শোষক, দুর্নীতিবাজ ছাত্র ও তরুণ সমাজকে দেশপ্রেমের বিপরীতে লোভ-লালসা ও ভোগবাদিতায় আকৃষ্ট করে ফেলেছে। সব সংগ্রাম সর্বোপরি মুক্তিযুদ্ধ ও স্বৈরশাসকদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রসমাজকে নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন থাকতে হবে।
বাংলাদেশ ছাত্র সমিতির ৪৪৩ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনাসভায় সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এ কথা বলেন। বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সহসভাপতি ও ন্যাপ নেতা পরিতোষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালন করেন সংগঠনের সাবেক সহসভাপতি ন্যাপ নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন ন্যাপের সহসভাপতি প্রবীণ নেতা অ্যাডভোকেট এনামুল হক। সভায় লন্ডন থেকে সংযুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু মুসা মো. হাসান, কানাডা থেকে সংগঠনের সাবেক সভাপতি মাসুদ রহমান মাসুদ, লন্ডন থেকে সংগঠনের সাবেক কোষাধক্ষ্য সৈয়দ হাসান আহমেদ, ইতালি থেকে সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতা আলী হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ডক্টর সামাদ শিকদার, সংগঠনের সাবেক নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, মোস্তফা মাহমুদ, শরীফ হাসান, নাসিমা হক রুবি, ছাত্রনেত্রী সুস্মিতা হক জামি, ফারিস্তা তাসপিয়া খান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
