যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সবচেয়ে বড় অর্থনীতির দেশ হচ্ছে চীন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চলতি দশক শেষ হওয়ার আগেই বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হবে চীন। আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার পাঁচ বছর আগেই এটা ঘটবে বলে বলা হচ্ছে। সেন্টার ফর ইকনোমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) নামে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনা ভাইরাস মহামারি এবং তার অর্থনৈতিক প্রতিক্রিয়া চীনের অনুকূলে কাজ করেছে। খবর বিবিসির

সিইবিআর জানায়, করোনা ভাইরাস সংকট চীন যেভাবে সামাল দিয়েছে তার ফলে চীনের অর্থনীতিতে ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগামী বছরই জোরালোভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু চীনের অর্থনীতিতে ২০২৫ সাল পর্যন্ত প্রবৃদ্ধি ঘটবে গড়ে ৫ দশমিক ৭ শতাংশ করে। এক বছর আগেও মনে করা হচ্ছিল যে অর্থনীতির আকারের দিক থেকে চীন ২০৩০-এর দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। কিন্তু সিইবিআর বলছে, বৈশ্বিক কোভিড-১৯ মহামারির সময় চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের আগেই সংকট কাটিয়ে উঠেছে এবং                  ২০২০ সালে তাদের প্রবৃদ্ধি হবে ২ শতাংশ। অন্যদিকে মার্কিন অর্থনীতি এ বছর ৫ শতাংশ সংকুচিত হবে বলে ধারণা। তাই চীনের সঙ্গে তার বৃহত্তম প্রতিদ্বন্দ্বিতার ব্যবধান কমে আসবে বলে রিপোর্টে বলছে সিইবিআর। এ কারণে প্রতিষ্ঠানটি এখন মনে করছে, ডলারের হিসেবে চীনের অর্থনীতির মূল্যমান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার ঘটনাটি ঘটে যাবে আগে যা হিসাব করা হয়েছিল তার পাঁচ বছর আগেই।

সিইবিআরের ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাক উইলিয়ামস বলেছেন, এ পূর্বাভাসের বড় খবরটি হলো চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধি ঘটছে দ্রুতগতিতে। আমরা ধারণা করছি, ২০২৫ সালে তাদের বর্তমান পাঁচশালা পরিকল্পনার মধ্যেই তারা একটি উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হবে এবং আমরা এক বছর আগেও যা মনে করছিলাম তার পাঁচ বছর আগেই তারা যুক্তরাষ্ট্রকে ছাড়াবে।