কসবা সীমান্তে ৩১ রোহিঙ্গাকে পুশব্যাকের চেষ্টা, সর্তক অবস্থানে বিজিবি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছে।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, ‘গতকাল রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে রোহিঙ্গা সদস্যরা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষিবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসী। কোনোক্রমেই রোহিঙ্গারা যেনো বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে জন্যে বিজিবির পক্ষ থেকে সীমান্তে সতর্কতা এবং নজরদারী বাড়ানো হয়েছে।

কসবা সীমান্তে সতর্ক পাহারায় বিজিবি। ছবিঃ ইত্তেফাক।

রোহিঙ্গারা দুই দেশের শূন্যরেখার অবস্থান সম্পর্কে ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক জানান, ‘সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারীরা, আমরা মনে করি ভারতীয় নাগরিক, তারা কারা পতাকা বৈঠকের পর তাদের সম্পর্কে জানা যাবে।’

আরও পড়ুনঃ গাইবান্ধায় অভাবের বলি ২ গৃহবধূ

এদিকে বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯/৩/এস পিলারের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনী বিজিবি এবং সীমান্তের মাঝখানে রোহিঙ্গারা অবস্থান করার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/নূহু