আদালতকে ব্যবহার করছে আওয়ামী লীগ :ফখরুল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কৌশল পরিবর্তন করে বিভিন্ন রায়ের মধ্য দিয়ে আদালতকে ব্যবহার করছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বাতিল করে দিয়ে এক দলীয় সরকার প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করেছে। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমরা জনগণের ভোটাধিকার চাই। সে কারণে ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হত্যা দিবস পালন করে আসছি। কারণ সারাবিশ্বই জানে ২৯ ডিসেম্ব্বর রাতে আওয়ামী লীগ ভোট ডাকাতি করে সব নিয়ে গেছে। জনগণকে তার              ভোটাধিকার থেকে বঞ্চিত করে এক দলীয় শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সম্মুখীন হতে পারে না। গণতন্ত্রকে তারা ভয় পায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়; তারা বিরোধীদলীয় নেতানেত্রীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে ফখরুল বলেন, নির্বাচন কমিশন যতদিন আছে ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এর পরেও আমরা নির্বাচনে যাব। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।