আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, দল থেকে যাকে প্রার্থী করা হবে, তার পক্ষেই দলীয় সব নেতাকর্মীকে কাজ করতে হবে। গতকাল শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে রাত ৮টা ২৩ মিনিটে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬৪ পৌরসভায় দল মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। এর মধ্যে মেয়াদ শেষ হওয়া নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানে ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। ইতিমধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভার তপশিল হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোট হবে আগামী ৩০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি। এর আগে প্রথম ধাপের তপশিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় ভোট হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ৩২ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ৬১ পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার সবগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।
মেয়র পদে প্রার্থী যারা :তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন—দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় এন এ এম জামিল হোসেন চলন্ত, নীলফামারীর জলঢাকায় মো. মোহসীন, কুড়িগ্রামের উলিপুরে মামুন সরকার, গাইবান্ধার গোবিন্দগঞ্জে খন্দকার মো. জাহাঙ্গীর আলম, বগুড়ার ধুনটে টি আই এম নুরুন্নবী, শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক, গাবতলীতে মোমিনুল হক (শিলু), কাহালুতে মো. হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রামে আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আমিনুর রহমান, নওগাঁ সদরে নির্মল কৃঞ্চ সাহা, ধামইরহাটে আমিনুর রহমান, রাজশাহীর মুণ্ডুমালায় আমির হোসেন (আমিন), কেশরহাটে শহিদুজ্জামান, নাটোরের সিংড়ায় জান্নাতুল ফেরদৌস, পাবনা সদরে আলী মুর্তজা বিশ্বাস, চুয়াডাঙ্গার দর্শনায় মতিয়ার রহমান, ঝিনাইদহের হরিণাকুণ্ডে ফারুক হোসেন, কোটচাঁদপুরে শাহাজাহান আলী, যশোরের মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান, নড়াইল সদরে আঞ্জুমান আরা, নড়াইলের কালিয়ায় ওয়াহিদুজ্জামান (হীরা), বাগেরহাটের মোরেলগঞ্জে এস এম মনিরুল হক, খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়ায় মনিরুজ্জামান, বরগুনায় কামরুল আহসান (মহারাজ), পাথরঘাটায় আনোয়ার হোসেন আকন, ভোলার বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম, দৌলতখানে জাকির হোসেন, বরিশালের গৌরনদীতে হারিছুর রহমান, মেহেন্দীগঞ্জে কামাল উদ্দিন খান, ঝালকাঠির নলছিটিতে ওয়াহেদ খান, পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. গোলাম কবির, টাঙ্গাইল সদরে এস এম সিরাজুল হক, মির্জাপুরে সালমা আক্তার, ভূঞাপুরে মাসুদুল হক মাসুদ, সখিপুরে আবু হানিফ আজাদ, মধুপুরে সিদ্দিক হোসেন খান, কিশোরগঞ্জের কটিয়াদীতে শওকত উসমান, মুন্সীগঞ্জ সদরে মোহাম্মদ ফয়সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ তোজাম্মেল হক টুটুল, রাজবাড়ীর পাংশায় ওয়াজেদ আলী, শরীয়তপুরের নড়িয়ায় আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জে আব্দুল মান্নান হাওলাদার, জাজিরায় অধ্যাপক আবদুল হক কবিরাজ, জামালপুরের সরিষাবাড়ীতে মনির উদ্দিন, শেরপুরের নকলায় হাফিজুর রহমান, নালিতাবাড়ীতে আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহের ভালুকায় এ কে এম মেজবাহ উদ্দিন, ত্রিশালে নবী নেওয়াজ সরকার, গৌরীপুরে শফিকুল ইসলাম হবি, ঈশ্বরগঞ্জে হাবিবুর রহমান, নেত্রকোনার দুর্গাপুরে আলা উদ্দিন, সিলেটের গোপালগঞ্জে মোহাম্মদ রুহেল আহমদ, জকিগঞ্জে খলিল উদ্দিন, মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, কুমিল্লার লাকসামে আবুল খায়ের, কুমিল্লার বরুড়ায় বক্তার হোসেন, চৌদ্দগ্রামে মীর হোসেন মীরু, চাঁদপুরের হাজীগঞ্জে আ স ম মাহবুব-উল আলম, ফেনী সদরে নজরুল ইসলাম স্বপন, নোয়াখালীর চৌমুহনীতে আক্তার হোসেন, হাতিয়ায় কে এম ওবায়েদ উল্যাহ ও লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ।
