হাজীগঞ্জে ১৪ ঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:১০

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের তৎপরতায় মাত্র ১৪ ঘণ্টা পর ৩ বছরের অপহৃত শিশু সাজ্জাদকে উদ্ধার করা হয়েছে। শিশু সাজ্জাদ মকিমাবাদ ৫ নং ওয়ার্ডের রিক্সা চালক জাহাঙ্গীরের ছেলে।

সাজ্জাদের মা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ২ জন মহিলা ১০ টাকার লোভ দেখিয়ে তার সন্তানকে বাজারে নিয়ে যায়। পরবর্তীতে শিশুর কোন সন্ধান না পেয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।  রাতে এসআই সুমন বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখে অহরণকারীকে চিহ্নিত করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অপহৃত শিশু সাজ্জাদ ও অপহরণকারী লিমাকে আটক করা হয়। আটক লিমা তার ঠিকানা জানায়, কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা।  সে এর চেয়ে বেশী কিছু বলতে পারছেনা।  তার সাথে পারভিন নামে আরেকজন ছিল। রাতে কয়েকটি স্থানে সাজ্জাদকে বিক্রয়ের চেষ্টা করে পারভিন।  সাজ্জাদ বয়সে বড় হওয়ায় এবং কান্নাকাটি করায় তাকে কেউ কিনেনি বলে জানান আটক লিমা।  আটক লিমার বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগির হোসেন রনি জানান, শিশু সাজ্জাদকে উদ্ধারে রাত থেকে এসআই সুমনসহ হাজীগঞ্জ থানার কয়েকটি টিম কাজ করেছে।  আটক অপহরণকারী ছাড়া আরো কেউ এর সাথে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম