প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সম্পূর্ণ নতুন প্রথম ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ‘ধ্রুবতারা’র আজ রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, বিমানের উড়োজাহাজ বহরে ইতিমধ্যে যুক্ত হওয়া প্রতিটি উড়োজাহাজের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয়কৃত তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটি হচ্ছে ‘ধ্রুবতারা’। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, চুয়াত্তর আসনবিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। নতুন উড়োজাহাজটি সংযোচিত হওয়ায় বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা হলো ১৯টি।
