‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ পেয়েছেন কথাসাহিত্যিক মাসরুর আরেফিন। এবছর জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০২০ পেয়েছেন কবি হাসনাইন হীরা তার ‘বাঁক বাচনের বৈঠা’ পাণ্ডুলিপির জন্য। জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০ যৌথভাবে পেয়েছেন জব্বার আল নাঈম তার ‘জীবনের ছুটি নেই’ এবং ধ্রুপদি রিপন তার ‘সম্পর্ক আপন-পর’ পাণ্ডুলিপির জন্য। করোনা মহামারিকালে কোনো অনাড়ম্বর আয়োজন ছিল না। গতকাল শনিবার ভিডিও বার্তায় এ ঘোষণা দেন জেমকন গ্রুপের পরিচালক বাংলা ট্রিবিউনের প্রকাশক ও কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ।
কথাসাহিত্যিক মাসরুর আরেফিন পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে রচিত ‘আগস্ট আবছায়া’ বইটি পুরস্কার পাওয়ায় আমি আপ্লুত। লেখক হিসেবে আমি পুরস্কার পেয়ে যত না বেশি আনন্দিত তার চেয়েও বেশি আনন্দিত এই বইটি পুরস্কার পাওয়ায়।
২০০০ সাল থেকে জেমকন গ্রুপ এই পুরস্কার দিয়ে আসছে। বিশেষ করে তরুণ কবি ও কথাসাহিত্যিকদের উত্সাহ দেবার জন্য প্রথম পাণ্ডুলিপিকে পুরস্কার প্রদান করা হয়। ২০২০ এসে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বাংলাদেশের একটি সৃষ্টিশীল গ্রন্থকে পুরস্কৃত করা হয়। কুড়ি বছরের এই দীর্ঘ এ পথ পরিক্রমায় এটিই একমাত্র পুরস্কার যার ধারাবাহিকতা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
