চীনের আকাশে ছুটন্ত আগুনের গোলা , বাড়ছে রহস্য (ভিডিও)  

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৩:৩৮

দক্ষিণ চীনের কিনঘাই প্রদেশের নাংকিয়ান ও উসু কাউন্টির আকাশে আগুনের গোলা দৃশ্যমান হয়েছে।   চোখ ঝলসে দেওয়া সেই গোলাকে এরপর ক্রমশ নিচের দিকে নেমে যেতে দেখা যায়। তারপর একসময় মিলিয়েও যায় দিগন্তে। স্বাভাবিক ভাবেই এমন অদ্ভুত দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা চমকে উঠেছেন ওই দৃশ্য দেখে।

জানা গেছে, সকাল বেলাতেই ওই আগুনের গোলাকে আকাশে দেখা গিয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কেবল আলোই নয়। ওই গোলা যাওয়ার সময় বিকট শব্দও হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকেই জানিয়েছেন, আকাশে ওই রকম গোলা দেখে এবং সেই সঙ্গে শব্দ শুনে তারা রীতিমতো ভয়ও পেয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে ওই দৃশ্যের ভিডিও  । অনেকেই সেটি শেয়ার করেছেন। একটি নয়, অনেকের ক্যামেরায় বিভিন্ন কোণ থেকেই ঘটনাটির ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে। এর মধ্যে একটি সিসিটিভি ফুটেজও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ওই গোলা আকাশে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে  ক্রমে আলোয় উজ্জ্বল হয়ে যাচ্ছিল চারপাশ।

 চীনের স্থানীয় সংবাদমাধ্যমের মতে, সম্ভবত ওই গোলা আসলে উল্কা। তবে এটি কোথায় আছড়ে পড়েছে সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে   চীনের ভূমিকম্প বিশেষজ্ঞরাও  দাবি করেছেন, ওই গোলা হল ‘বোলাইড’ অর্থাৎ অতি উজ্জ্বল উল্কা। তবে গোলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত কিছুই এখনও জানা যায়নি। ক্রমশ কৌতূহল বাড়ছে গোলা রহস্য ঘিরে। কোথা থেকে এল ওই গোলা, তা জানতে মুখিয়ে রয়েছেন নেটিজেনরা।

ইত্তেফাক/এআর