স্বাস্থ্যবিধি মেনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। করোনা সংক্রমণ মোকাবেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রবিবার তিনটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগামী ৩০ ডিসেম্বর, ৭ ও ১৫ জানুয়ারি চারটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা সম্ভাব্যতা যাচাই কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা।
তিনি জানান, যেসকল বিভাগের স্নাতক অষ্টম সেমিস্টার ও স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা থেমে ছিলো তাদের পরীক্ষা শেষ করা জন্য অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার থেকে তাদের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সম্ভাব্যতা যাচাই কমিটি ২৭ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী যে সকল বিভাগ রুটিন দিতে পেরেছে তাদের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ও গণিত বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে আরো চারটি বিভাগের পরীক্ষা শুরু হবে। যে সকল বিভাগ এখনো রুটিন দিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারেনি তারা পরবর্তীতে রুটিন তৈরি করতে পারলেই তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
আরো পড়ুন: ফুলবাড়ীতে বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা
তিনি আরো বলেন, করোনাকালীন যেহেতু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাই সামাজিক দূরত্ব মেনে সকল বিভাগের পরীক্ষা একই সঙ্গে নেওয়া অনেক কঠিন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে অনেক হলরুম দরকার, যা আমাদের নেই। তাই স্বাস্থ্যবিধি মেনে একে একে সকল বিভাগের পরীক্ষা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসি
