‘জয় বাংলা’ শুধু একটি স্লোগান নয়। অন্যায়-অবিচার-জুলুম-নির্যাতনকে পদদলিত করে বীর বাঙালির মুক্তি ও স্বাধীনতা অর্জনের সাহসী উচ্চারণ এটি। মুক্তিযুদ্ধের যথাযথ ইতিহাস জানতে নবীন প্রজন্মকে আগ্রহ জোগাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছে স্বাধীনতার ভাস্কর্য ‘জয় বাংলা’। বুদ্ধিজীবী চত্বরে রয়েছে এই ভাস্কর্য।
২০১৮ সালে নির্মিত ভাস্কর্যটি একটি বেদির ওপর স্থাপিত। কেন্দ্রে রয়েছে দুজন তরুণ ও একজন নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি। একজন তরুণ মুক্তিযোদ্ধা, যার পরনে শার্ট-প্যান্ট, কাঁধে ব্যাগ ঝুলিয়ে দুই হাত দৃঢ় মুষ্টিবদ্ধ করা। বাঁ-হাত মাথার ওপরে সবাইকে জাগ্রত করতে তুলে ধরে রেখেছেন। নারী মুক্তিযোদ্ধা শাড়ি পরিহিত। দুহাতে জাতীয় পতাকা ধরে রয়েছেন তিনি। অন্য প্রতিকৃতিতে তরুণ মুক্তিযোদ্ধা দুই হাতে দৃঢ়ভাবে রাইফেল ধরা। বেদিতে রয়েছে আরো ২০টি মানব অবয়ব, যেখানে মুক্তিযুদ্ধে নারী-পুরুষ ও তরুণসমাজের সম্মিলিত অংশগ্রহণ প্রতিফলিত।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ ফুট উচ্চতার এ ভাস্কর্য তৈরিতে শিল্পীর তুলিতে আঁচড় লাগিয়েছেন ভাস্কর সৈয়দ সোহরাব জাহান।
রেদোয়ান হোসেন
