ইংলিশ প্রিমিয়ার লিগ
স্পোর্টস ডেস্ক
ম্যাচের আগেও ম্যানেজার মিকেল আরতেতা বলছিলেন এই সপ্তাহটা তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ছন্দে না ফিরতে পারলে যে এক সপ্তাহের মধ্যেই অবনমন লড়াইয়ে নামতে হবে তাদের। তার লড়াইয়ের ডাকে যেন এবার সাড়া দিল শাকারা। লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার এমিরেটস স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে গানাররা। দিনের অন্য ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এভারটন।
‘বক্সিং ডে’র প্রথম ম্যাচে লেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ ড্র হওয়ায় চেলসির সুযোগ ছিল নিজেদের ম্যাচে জিতে টেবিলের দ্বিতীয় স্থানটি দখল করার। কিন্তু তা আর হলো কোথায়? গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খাওয়ার ধারা এবারও অব্যাহত রাখল ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসি। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে নিয়ে যায় আলেক্সান্দ্রো লাকাজেত। ১০ মিনিটের মধ্যে দুর্দান্ত এক ফ্রিকিকে ব্যবধান দ্বিগুণ করেন গ্র্যানিত শাকা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে তরুণ উইঙ্গার বুকায়ো সাকার অসাধারণ এক গোলে জয় নিশ্চিত করে আর্সেনাল। শেষ দিকে ট্যামি আব্রাহাম সান্ত্বনাসূচক একটি গোল করলেও আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি। এর ফলে প্রিমিয়ার লিগে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল আর্সেনাল।
এই জয়ে আপাতত অবনমন অঞ্চল থেকে দূরে থাকলেও পয়েন্ট টেবিলে গানারদের অবস্থানে কোন পরিবর্তন আসেনি। আর দ্বিতীয় স্থানে যাওয়ার যে সুযোগ চেলসি হারিয়েছে, সেটি ঠিকই কাজে লাগিয়েছে এভারটন। ব্রামল লেনে গিলফি সিগুর্ডসনের একমাত্র গোলে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে পয়েন্ট টেবিলে নগর প্রতিদ্বন্দ্বী লিভারপুলের পরের স্থানটি দখল করেছে এভারটন। ওদিকে ইতিহাদ স্টেডিয়ামে ইকাই গুন্দোগান ও ফেরান তোরেসের গোলে নিউক্যাসলকে পরাজিত করেছে পেপ গার্দিওলার সিটি।
