আম্পায়ার্স কোর্সে রবিউল-সাজেদুল-চম্পা চাকমা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

স্পোর্টস রিপোর্টার

বিসিবির আম্পায়ার্স বিভাগের আয়োজনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে পাঁচ দিনব্যাপী আম্পায়ার্স কোয়ালিফাইং কোর্স। অংশগ্রহণকারীর সংখ্যা ২০ জন। নতুন আম্পায়ার তৈরি, সাবেক ক্রিকেটারদের আম্পায়ারিংয়ে আগ্রহী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলে খেলা পেসার রবিউল ইসলাম শিবলু, সাজেদুল ইসলাম কোর্সটি করছেন। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় নারী দলে খেলা চম্পা চাকমাও অংশ নিয়েছেন এই কোর্সে।

তিন জনই গতকাল বলেছেন, খেলাটির আইনকে ভালোভাবে জানতেই এখন কোর্স করে রাখছেন। এখনই আম্পায়ারিংকে পেশা হিসেবে চিন্তা করছেন না। এর মধ্যে রবিউল, চম্পা চাকমা কোচেস কোর্সও করেছেন।

জানতে চাইলে গতকাল রাঙ্গামাটির মেয়ে চম্পা চাকমা বলেছেন, ‘আমি ২০০৭ সাল থেকে জাতীয় দলে খেলেছি। এখনো ক্লাব পর্যায়ে খেলি। আম্পায়ারিং কোর্সটা করে রাখছি। কোচেস কোর্সও করেছি এর আগে। সামনে আম্পায়ারিং করব কি না, এখনো ঠিক করিনি।’

ডানহাতি পেসার রবিউল ৯টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-২০ খেলেছেন। টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বশেষ পাঁচ উইকেট পাওয়ার (২০১৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে, হারারে) কৃতিত্ব সাতক্ষীরার ছেলে রবিউলের। বাঁহাতি পেসার সাজেদুল ৩টি টেস্ট ও ১টি টি-২০ খেলেছেন।