বিশেষ প্রতিনিধি
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নির্মিত সাইকেল লেন উন্মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় সাইকেল লেন দখল করে থাকা অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং ইত্যাদি উচ্ছেদ করা হয়। গতকাল রবিবার ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মানিক মিয়া এভিনিউয়ের উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ পার্কিংয়ের জন্য একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরাধে পাঁচ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।
