রূপগঞ্জে দুর্গামন্দিরে হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্য মণিপাড়া দুর্গামন্দিরে হামলার ঘটনায় গতকাল রবিবার রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি বিধূ ভূষণ চন্দ্র দাস বাদী হয়ে ১০ জনকে নামীয় ও অজ্ঞাত অন্য ১০/১২ জনকে এ মামলায় আসামি করা হয়।
আসামিরা হলেন সাওঘাট গ্রামের হাজী শের আলী, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, দ্বীন ইসলাম, আপেল মাহমুদ, নাজির হোসেন, আয়নাল হক, মিজান মিয়া ও প্রদীপ সরকার। মন্দিরে হামলার ঘটনায় রূপগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, রূপগঞ্জ উপজেলা হিন্দু কল্যাণ পরিষদ ও রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। এ ঘটনায় তারা সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানায়।
রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দীগেন বিশ্বাস বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের অনুসারীরা রূপগঞ্জকে অশান্ত করতে মন্দিরে এ হামলা চালায়। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
