ইত্তেফাক রিপোর্ট
মহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের চার উপদেষ্টাকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির বছরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। তিনি বলেছেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর লাল-সবুজের পতাকা প্রতিষ্ঠায় তাদের অবদান কোনোভাবেই খাটো করে দেখা যায় না। সেদিন জাতীয় চার নেতা প্রবাসী সরকারের উপদেষ্টা হওয়ায় মুক্তিযুদ্ধকালীন সরকার সর্বদলীয় রূপ পায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানী, সদস্য কমরেড মনি সিং, অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ও মনোরঞ্জন ধর স্মরণে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনা সভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, ষড়যন্ত্রকারীরা সবসময়ই বঙ্গবন্ধু ও মওলানা ভাসানীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ষড়যন্ত্র করেছে। মওলানা ভাসানী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় সেই সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। আয়োজক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
