বাকেরগঞ্জে বাড়ির পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

বরিশাল অফিস ও বাকেরগঞ্জ সংবাদদাতা

বাকেরগঞ্জ উপজেলায় নিজ বাড়ির পুকুর থেকে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার ভোরে ফরিদপুর ইউনিয়নের মঙ্গলশী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে নিখোঁজ হওয়ার পর বিকালে রেশমা বেগম (২৪) নামে ঐ গৃহবধূর লাশ স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। রেশমা ঐ গ্রামের ইয়াসিন মোল্লার স্ত্রী এবং পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

রেশমার খালা নাসিমা বেগম এবং খালাতো ভাই মো. সাব্বির জানান, পাঁচ বছর বয়সের এক ছেলেকে নিয়ে রেশমা নিজ ঘরে একা থাকতেন। এক প্রতিবেশী শনিবার ভোরে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রেশমার ঘরের দরজা খোলা দেখে তাদের খোঁজ নেয়। এ সময় রেশমার ছেলে আসিফের ঘুম ভাঙার পর মাকে না পেয়ে দাদিবাড়ি গিয়ে দাদিকে জানায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকালে নিজেদের বাড়ির পুকুরের ঘাটলার নিচে রেশমার মরদেহ দেখে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। বিষয়টি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলতে পারেনি রেশমার কোনো স্বজন। তবে তারা এ ঘটনা তদন্তের জন্য পুলিশের সহায়তা কামনা করেছে।