শোক সংবাদ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

এম শহিদুল ইসলাম শহীদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সাবেক ছাত্রলীগ নেতা এম শহিদুল ইসলাম শহীদ (৫৭) শনিবার সন্ধ্যায় জাতীয় হূদরোগ ইনস্টিউিটে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সন্ধ্যায় মিরপুরের বাসায় অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। রাতেই মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দি উপজেলার গিটুবাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

তমাল চৌধুরী

প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য তমাল চৌধুরী (৭২) গত শনিবার রাতে চমেক হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। গতকাল রবিবার নগরীর বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রয়াতের মরদেহ আনা হলে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।  তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

আবদুস শুক্কুর

প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য আবদুস শুক্কুর (৬৮) গত শনিবার নগরীর কল্পলোক আবাসিকের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। রাতেই চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জানাজা শেষে নগরীর চৈতন্যগলির কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।