চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীসহ জনবলের সংকট রয়েছে। ফলে চিকিত্সাসেবায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। জানা গেছে, হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিত্সাব্যবস্থার তেমন উন্নতি করা হয়নি। প্রসূতি মায়েদের জন্য সিজারিয়ান অপারেশন বন্ধ আছে। নেই অ্যানেসথেসিওলজিস্ট। জনবল না থাকায় বন্ধ আছে এক্সরে, ইসিজি ও আলট্রাসনোগ্রাম মেশিন। বিশেষজ্ঞ চিকিত্সক না থাকায় রোগী পাঠানো হচ্ছে ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যালে। চিকিত্সা নিতে আসা মোহনগঞ্জ ইউনিয়নের ইউনুস আলী (৭০) ও রাজিবপুর ইউনিয়নের আজগরদেওয়ানী পাড়ার আজিজুল হক (৬৫) বলেন, ‘এই হাসপাতালে ভালো চিকিত্সা হয় না। টাকা বেশি দিয়ে পরীক্ষা বাইরে করতে হয়। ঠিকমত ওষুধও দেয় না।‘ রোগীর স্বজনরা বলেন, চিকিত্সক ও জনবলের অভাবে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। বাইরে থেকে এটা বোঝা যায় না। এছাড়া চরাঞ্চল হওয়ায় এই উপজেলার যোগাযোগব্যবস্থা অনেক খারাপ। চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি কম। ফলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হয়ে দালালদের খপ্পরে পড়ছেন। পাশাপাশি বিভিন্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকে গিয়ে চিকিত্সা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহা. সারওয়ার জাহান বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিত্সক ও অ্যানেসথেসিওলজিস্ট নেই। বিভিন্ন যন্ত্রপাতি চালু অবস্থায় নেই। এছাড়া জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, সমস্যাগুলো শুধু রাজিবপুরে না। বিভিন্ন জায়গায়ই আছে। আমরা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
