আলুখেত পরিচর্যায় ব্যস্ত আদমদীঘির কৃষক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:০০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে আমন ধান কাটা-মাড়াইয়ের পর রসালো জমিতে আলু লাগানোর পর এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। উপজেলায় পাকরী, ফাটা পাকরী, দেশি হাগরাই, ললিতা, কাটিলাল, ভুটান, জাম আলুসহ বিভিন্ন জাতের আলু আবাদ হচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আদমদীঘি উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে আলু ও ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে। কয়েক জন কৃষক জানান, আমন ধান কাটা-মাড়াইয়ের পর ঐ জমিগুলোতে অল্প খরচে বেশি লাভের আশায় আলু আবাদ করা হয়। ফলন ভালো হলে ন্যায্য দাম পেলে খরচের চেয়ে দ্বিগুণ লাভ করা সম্ভব। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, আলু ও সরিষা আবাদের প্রথম থেকে কৃষককে যাবতীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারিভাবে আলু-সরিষাসহ বিভিন্ন জাতের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে ও কৃষক লাভবান হবে।