সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:০১

চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে জেল-জরিমানা

নাটোর প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে রবিবার তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো—সুকুমার রায়, শংকর গোবিন্দ ও ওপেন পাহান। র্যাব-৫ সূত্রে জানা গেছে, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে জেলার গুরুদাসপুরের গজেন্দ্র চাপিলা ও মহারাজপুর পাইকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৩০০ লিটার চোলাই মদ, ৫০টি মাটির তৈরি চোলাই মদ রাখার পাত্র ও ১০০ লিটার পচা ভাতসহ তাদের গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা আক্তার নাটোর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল-জরিমানা করেন।

গোপালগঞ্জে মাস্ক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে ১০০ কিলোমিটার ঘুরে করোনা সচেতনতা ও মাস্ক বিতরণ করেছে মানবকল্যাণ সমিতি। রবিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  সংগঠনের সভাপতি  প্রফেসর সরদার নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান দিপুর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কর্মসূচির সূচনা করা হয়। এরপর মাইক্রোতে করে গোপালগঞ্জ মানবকল্যাণ সমিতির সদস্যরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, বালাডাঙ্গা, জোয়ারিয়া, কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া, হিরণ, মাঝবাড়ি ও গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া, কাঠি, মাঝিগাতি, গোলাবাড়িয়া, গোপালগঞ্জ শহরের অন্তত ১০০ কিলোমিটার পথপরিক্রমা করে করোনা সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় ২ হাজার ৫০০ মানুষকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

আশুগঞ্জে ফ্রি চিকিত্সাসেবা শুরু

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে আশুগঞ্জ সরকারি শ্রমকল্যাণকেন্দ্রের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ফ্রি চিকিত্সাসেবা শুরু হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী। পরে স্থানীয় শ্রমকল্যাণকেন্দ্র মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ প্রমুখ। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বান্দরবানে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে বান্দরবানে ‘স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং-২০’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বান্দরবান সেনানিবাস এলাকায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাহিদুল ইসলাম খাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান প্রমুখ।

মানবাধিকার সুরক্ষাকারীদের সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের মানবাধিকার সুরক্ষাকারীদের রি-অ্যাপলিকেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা এরশাদ আলী।

ডিমলায় প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দুই দিনের প্রদর্শনীতে মোট ১২টি স্টল স্থান পেয়েছে।

স্মার্ট কার্ড বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা উপজেলার গড়ইখালী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। এদিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৬৪ জনকে এ স্মার্ট কার্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন অফিসের সহকারী হিমাংশু বিশ্বাস, ইউপি সদস্য শাহাবুদ্দীন গাইন, অচিন্ত কুমার সরদার, দুর্গা দাশ মণ্ডল প্রমুখ।

 

 

০