দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এ লক্ষ্যে এক সমঝোতা স্মারক রবিবার ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে স্বাক্ষরিত হয়। ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠানই অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিক্ষা ও শিল্প খাতের যৌথ সমন্বয়ের মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও ডিসিসিআই এবং ইউল্যাব যৌথ উদ্যোগে সেমিনার, কর্মশালা, চাকুরি মেলা, ব্যবসায়ী সম্মেলন এবং শিল্প-শিক্ষার সমন্বয়ের জন্য মডেল উন্নয়নে একসাথে কাজ করবে। এ সময় ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ চতুর্থ শিল্প বিপ্লবের সাথে মানিয়ে নিতে বেশি হারে প্রযুক্তিগত এবং ভকেশনাল শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। ইউল্যাবের উপাচার্য বলেন, শিল্পকে আরো গুণগতমান সম্পন্ন দক্ষ জনবল প্রদান করতে হলে আমাদের আরও বেশি বেশি গবেষণা করতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি
