কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি দুইটি হলো : জেএমআই সিরিঞ্জ এবং শাইনপুকুর সিরামিক।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুইটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, জেএমআই সিরিঞ্জের শেয়ার দর গত ১০ ডিসেম্বর ছিল ২৮২ টাকায়। আর ২৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪১৬ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ এ ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩৪ দশমিক ৭০ টাকা বা ৪৮ শতাংশ বেড়েছে। আর শাইনপুকুরের শেয়ার দর গত ১০ নভেম্বর ছিল ২১ দশমিক ৬০ টাকায়। আর ২৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ এই ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮০ টাকা বা ৪৫ শতাংশ বেড়েছে।