যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:২৭

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন জন নিহত এবং তিন জন আহত হয়েছে। হামলার ঘটনায় এক জনকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে টেনেসিস অঙ্গরাজ্যের নাশভিলে শহরে ঘটা বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করছে পুলিশ। হামলাকারীর নামও প্রকাশ করা হয়েছে। খবর ডেইলি মেইলের  

ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরের ডন কার্টার লেনে গুলিবর্ষণের ঘটনায় তিন জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ কর্মকর্তারা একটি টেলিফোন কল পান এবং ঐ টেলিফোন কলের মাধ্যমে তাদেরকে জানানো হয় যে, ঐ এলাকায় এক ব্যক্তি গুলি চালাচ্ছে। এরপর পুলিশ সেখানে গিয়ে হতাহতদের দেখতে পায়।

রকফোর্ড পুলিশের প্রধান ড্যান ও-শেয়া বলেন, হত্যাকাণ্ডের পর আমরা ঘটনাস্থল বন্ধ করে দিয়েছি এবং এক জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তখন গুলিবর্ষণকারী বেঁচে ছিল। পুলিশ কোনো গুলি করেনি। ও-শেয়া বলেন, যদিও এখন সবকিছু তদন্তের আওতায় রয়েছে, তার পরও পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বিচারে গুলি চালানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, হতাহতদের মধ্যে দুই জন তরুণও রয়েছে।

নাশভিলেতে আত্মঘাতী হামলা!

শুক্রবার সকালে নাশভিলে শহরে বিস্ফোরণের ঘটনায় অ্যান্থনি কুইন ওয়ার্নার জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এই হামলাকে আত্মঘাতী বলে সন্দেহ করা হচ্ছে। ওয়ার্নারের গাড়ির সঙ্গে বিস্ফোরিত গাড়ির মিল পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলসে বাস করা ২৯ বছর বয়সি মিচেল সুইং নামের নারীকে ৪ লাখ ৯ হাজার ডলার মূল্যের দুটি বাড়ি বিনা মূল্যে দিয়েছেন ওয়ার্নার। তবে এই বাড়ির বিষয়ে সুইং কিছুই জানেন না বলে জানিয়েছেন। পুলিশের ধারণা, এই বাড়ির সঙ্গে হামলার সম্পর্ক থাকতে পারে। শুক্রবারের হামলায় তিন জন আহত হয়েছিল।