যশোরে নেশাগ্রস্ত ছেলের হামলায় আহত পিতার মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ২২:২৯

যশোরে নেশাগ্রস্ত ছেলের হাতে প্রাণ দিলেন পিতা বিল্লাল হোসেন (৪৫)। গত ২৪ ডিসেম্বর রাতে সদর উপজেলার গাইদগাছি গ্রামের মধ্যপাড়ায় হামলার শিকার হন বিল্লা। রবিবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত বিল্লাল হোসেন একই গ্রামের মাহমুদুল্লা ভুঁইয়ার ছেলে।

গাইদগাছি গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বিল্লাল হোসেনের ছেলে মানিক হোসেন ভুঁইয়া (২২) অভয়নগরের নওয়াপাড়া বন্দরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগে বিল্লাল হোসেনের কাছ থেকে মানিক ১ হাজার টাকা ধার নিয়েছিল। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ছেলের কাছে টাকা ফেরত চান বিল্লাল হোসেন; কিন্তু ছেলে মানিক নেশাগ্রস্ত থাকায় নিয়মিত কাজে যায় না। ফলে বর্তমানে তার টাকার সংকট হয়েছে। তার পিতা টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয় মানিক।

২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে বিল্লাল হোসেনের ওপর হামলা চালায় মানিক। পিছন দিক থেকে বিল্লালকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে বিল্লাল মাটিতে পড়ে যায়। তার চিত্কারে বাড়ি থেকে লোকজন এসে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন বলেছেন, ছেলের আঘাতে আহত অবস্থায় বিল্লাল হোসেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। সেখানেই ময়নাতদন্ত শেষে রবিবার রাতে বাড়িতে আনা হয়েছে তার লাশ। অভিযুক্ত ছেলে মানিককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।