ভ্যাকসিন প্রদানে সরকারের যথাযথ প্রস্তুতি রয়েছে ---------------- স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:২৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই দেশে ভ্যাকসিন চলে আসবে। আগামী ছয় মাসে পর্যায়ক্রমে ৩ কোটি ভ্যাকসিন চলে আসবে। এই ভ্যাকসিন মানুষের কাছে সুষ্ঠুভাবে বিতরণের জন্য সরকারের যথাযথ প্রস্তুতি রয়েছে।’

গতকাল রবিবার সকালে মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুইটি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে মিডিয়া ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রদানের জন্য আমাদের প্রশিক্ষিত জনবল রয়েছে, ভ্যাকসিন রাখার স্টোর প্রস্তুত করা হয়েছে, নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে কোল্ডবক্স ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছে। কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে তার জন্য একটি গাইডলাইনও প্রস্তুত করা হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি আগামী মে-জুন মাসের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য কোভ্যাক্স ভ্যাকসিন পাঠাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৮ বছরের নিচে রয়েছে প্রায় ৩৭ ভাগ মানুষ, ৩০ লাখের মতো মহিলা গর্ভবর্তী এবং প্রায় কোটি মানুষ বিদেশে থাকায় অক্সফোর্ড ও কোভ্যাক্স ভ্যাকসিন দিয়ে দেশের প্রায় সব মানুষই ভ্যাকসিন পাবে। তবে এসব কিছুর পরও মানুষকে অবশ্যই মাস্ক পরিধান করা অব্যাহত রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ কর্তৃক সম্প্রতি প্রকাশিত জরিপে বাংলাদেশের সাফল্য উল্লেখ করে জানান, ‘কোভিড মোকাবিলায় বাংলাদেশ যে সফল হয়েছে সেকথা এখন কেবল আমরা নই, খোদ আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ গত চার-পাঁচ মাসের বিশ্বব্যাপী কোভিড জরিপ শেষে বাংলাদেশকে কোভিড মোকাবিলায় ২০তম হিসেবে ও দক্ষিণ এশিয়ার মধ্যে এক নম্বর দেশ হিসেবে কৃতিত্ব দিয়েছে। এটি আমাদের জন্য বিরাট স্বীকৃতি। এই জরিপে আমেরিকা রয়েছে ৪০তম অবস্থানে, ইউকে রয়েছে ৩৯তম অবস্থানে। ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার এই দেশগুলোরও ওপরে রয়েছে বাংলাদেশ। এই কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই কৃতিত্ব দেশের চিকিত্সাসেবায় নিয়োজিত ব্যক্তিদের, এই কৃতিত্ব মিডিয়াসহ সব করোনা যোদ্ধাদের।’

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।