বই লিখছেন ইভাংকা ট্রাম্প

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:২৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা এবং তার উপদেষ্টা ইভাংকা ট্রাম্প। তিনি একটি বই লেখার পরিকল্পনা করছেন। এছাড়া তিনি রাজনীতিও শুরু করছেন বলে জানা গেছে। আগামী ২০ জানুয়ারি শেষ হচ্ছে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ।

ইভাংকা ট্রাম্প এর আগে ‘দ্য ট্রাম্প কার্ড’ ও ‘উইমেন হু ওয়ার্ক’ নামে দুটি বই লিখেছিলেন। এবার হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে নিজের অবস্থানের সময় বিভিন্ন ঘটনা নিয়ে বই লেখার পরিকল্পনা করছেন ইভাংকা ট্রাম্প। অনেক বন্ধুই মনে করেন, ইভাংকা কেবল ইস্ট উইংয়ের জন্যই কাজ করেছেন। তাদের সেই ভুল ভাঙাতেই তিনি বই লিখতে যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। ইভাংকা ট্রাম্প তার বইয়ে অনেক ইস্যু রেকর্ড আকারে উপস্থাপন করতে চান। এমনকি সমালোচনারও জবাব দিতে চান। সমালোচনা আছে, উপদেষ্টা হিসেবে যোগ্যতার ঘাটতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ইভাংকাকে গুরুত্ব দেননি। এমনকি সত্মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার দ্বন্দ্বও রয়েছে বলে সমালোচনা আছে। এছাড়া বিরোধী ডেমোক্র্যাটরা তাকে নিয়ে যেসব সমালোচনা করছেন, তারও জবাব থাকবে বইয়ে। ইভাংকা ফ্লোরিডা থেকে রাজনীতি শুরু করবেন বলেও সূত্র জানিয়েছে। —পেইজ সিক্স