ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়াতে চান। আগামী ৩১ মার্চ চুক্তির মেয়াদ শেষ হবে। গত জানুয়ারিতে এক চুক্তির মাধ্যমে রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন হ্যারি-মেগান। তারা নিজেরাই নিজেদের আয় থেকে জীবনযাপন করার সিদ্ধান্ত নেন। গত মার্চে ব্রিটেন ছাড়েন এই আলোচিত দম্পতি। যুক্তরাজ্যের মিডিয়া এর নাম দিয়েছিল ‘মেগক্সিট’। প্রথমে তারা কানাডায় যান। তারপর লস অ্যাঞ্জেলেসে যান। রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে চান। তারা যুক্তরাজ্যের মানুষের করের পয়সা নেবেন না। তাই রয়্যাল ডিউটির অর্থ তারা নেন না। তবে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পদে আছেন। —ডেইলি মেইল ও ডয়েচেভেলে
