বুয়েটের আবরারের মামলায় আবারও সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:৩১

বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলায় আবারও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আসামিদের আদালত পরিবর্তনের আবেদন উচ্চ আদালতে খারিজ হওয়ার পর গতকাল রবিবার থেকে আবারও সাক্ষ্যগ্রহণ শুরু করে ট্রাইব্যুনাল। জব্দ তালিকার সাক্ষী বুয়েটের ছাত্র আব্দুল মবিন ইবনে হাফিজ প্রত্যয় ও আলোকচিত্র বিশারদ সিআইডির পরিদর্শক নাজমুল হোসেন সাক্ষ্য দেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। তবে প্রত্যয়ের জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ৩০ ডিসেম্বর অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে দেয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৬০ সাক্ষীর ৪১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

গত ৩ ডিসেম্বর আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা আদালত বর্জন করেন। একই সঙ্গে আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন দেয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ঐ আবেদন খারিজ করে দেয়।