জঙ্গিদের স্বাভাবিক জীবনে এনে সমাজে পুনর্বাসিত করার জন্য একটি টিম গঠন করেছে র্যাব। ধর্মীয় নেতাসহ সমাজের সয স্তরের অংশগ্রহণ রয়েছে এই দলে। একই সঙ্গে স্বাভাবিক জীবনে ফেরত এসে যেন সমাজ পুনর্গঠনে অবদান রাখতে পারে, সে বিষয়েও কাজ করবে র্যাবের দলটি। গতকাল রবিবার বিকালে র্যাবের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।
জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে একটা রূপরেখার ছকে আনার চেষ্টা চলছে জানিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, যখন কেউ উগ্র মৌলবাদ বা সন্ত্রাসবাদে জড়ায়, তখন তাদের ফেরাতে সবার সহযোগিতার প্রয়োজন হয়। তবে র্যাব তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতার প্রক্রিয়া শুরু করেছে।
কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার আরো বলেন, শুধু সমাজ নয়, আত্মীয়স্বজন থেকে শুরু করে স্ত্রী-সন্তানও অনেক সময় তাদের মেনে নিতে পারে না। তবে এর থেকে বের হওয়ার অনেক উপায় আছে। তাদের ঘৃণার চোখে না দেখে স্বাভাবিক জীবনে ফেরার সহযোগিতা করতে হবে সমাজের সবাইকে। তাদের চাকরি, ব্যবসা বা যেকোনো কর্ম করে জীবন চলার সুযোগ করে দিতে হবে।
সমাজ থেকে জঙ্গিবাদ তাড়াতে ফেসবুকে ওয়াজ মাহফিলের নামেও যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, তা নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এমন আরো অনেক কারণে জঙ্গিদের উসকানি দেওয়া হচ্ছে।
