মাঝারি শৈত্যপ্রবাহে সারা দেশে শীত জেঁকে বসেছে। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা। দেশের উত্তর জনপদের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরো তিন থেকে চার দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, ৩০ ও ৩১ ডিসেম্বর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শৈত্যপ্রবাহ থাকবে। তবে এই শৈত্যপ্রবাহ মাঝারি ধরনের, তীব্র হওয়ার সম্ভাবনা নেই। গতকাল রবিবার রাজশাহীতে সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ডিসেম্বরের শেষ ভাগে উত্তরাঞ্চলে এরকম টানা শৈত্যপ্রবাহ কোথাও না কোথাও থাকেই। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে এমন আবহাওয়া ব্যতিক্রম নয়। তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়ছে। তবে রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রাবহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
খুলনার কপিলমুনি, পাইকগাছা, হরিঢালী, গদাইপুরসহ দক্ষিণাঞ্চল ও সাতক্ষীরায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় যবুথবু হয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার প্রভাব বেশি দেখা যায়। এতে করে জেলার শ্রমজীবী মানুষ আছেন নিদারুণ কষ্টে।
আজ সোমবার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি, ঈশ্বরদীতে ৮ দশমিক ৭ ডিগ্রি, বদলগাছিতে ৮ দশমিক ৪ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১ ডিগ্রি, যশোরে ৮ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি, কুমারখালীতে ৯ দশমিক ৪ ডিগ্রি, দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি ও গোপালগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, এই শৈত্যপ্রবাহ তিন-চার দিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু এলাকার তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা কমলেও খুব বেশি কমবে না।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
